মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজার এলাকায় শনিবার সকালে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর মধ্যে গুরুতর আহত ব্যক্তি হলেন মাওলানা মোঃ হাসিনুর রহমান, আমির, ৪নং নগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয়রা তাঁকে প্রথমে চিকিৎসার জন্য উপজেলার বনপাড়া শহরের আমিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ধানাইদহ গ্রামের জামায়াতকর্মী সাকিব (২৫), পিতা—মৃত সেলিম হোসেনকে বিএনপি-সমর্থিত একদল কর্মী শুক্রবার সন্ধ্যায় ধানাইদহ বাজার এলাকায় মারধর করে। এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি ক্রমেই অবনতি হয়ে বেলা ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হন।সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

