নাচোল প্রতিনিধিঃ মোঃ ইসমাইল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের মর্মান্তিক পরিণতি মিলেছে। নিখোঁজের একদিন পর অবশেষে ঘাতক দুলাভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (৫ এপ্রিল, রবিবার) দুপুরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুলাভাই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং তার দেখানো স্থান থেকেই শরিফার নিথর দেহ উদ্ধার করা হয়।এর আগে শুক্রবার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুরে তাফসির মাহফিল শুনতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশু শরিফা।
পরিবারের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় জিডি করার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দীর্ঘ সময় তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পায়নি। তবে তদন্তের এক পর্যায়ে শিশুটির দুলাভাইকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ। নিবিড় জিজ্ঞাসাবাদে পাষণ্ড দুলাভাই শরিফাকে হত্যার কথা স্বীকার করলে এই রহস্যের জট খোলে।গোমস্তাপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিজের আত্মীয়ের হাতে এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

