সর্বশেষ
ফেব্রুয়ারি ৭, ২০২৬

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান, উৎসবে রূপ নিয়েছে গোটা জেলা।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই বহুল প্রত্যাশিত সফরকে ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের হাওয়া। ব্যানার-ফেস্টুন, রঙিন আলোকসজ্জা আর সাজসজ্জায় বদলে যাচ্ছে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল, ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মীরা। শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল আগ্রহ, উত্তেজনা ও আবেগঘন প্রত্যাশা।শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় তারেক রহমান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার কাজ চলছে পুরোদমে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ঠাকুরগাঁওয়ে এসেছিলেন তারেক রহমান।তারেক রহমানের এই সফর ঠাকুরগাঁওবাসীর কাছে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও উন্নয়নবঞ্চিত অবস্থার পরিবর্তনের এক নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “তারেক রহমানের আগমন আমাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

আমরা চাই তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়নের স্পষ্ট বার্তা দিন এবং বাস্তব পরিবর্তনের পথ তৈরি করুন।”ঘোষপাড়া এলাকার আব্দুল লতিফ বলেন, “স্বাস্থ্যখাত, শিক্ষা, কর্মসংস্থান, পরিত্যক্ত বিমানবন্দরসহ জেলার বহু খাত বছরের পর বছর অবহেলিত। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বেই এই পিছিয়ে পড়া জনপদ নতুন করে ঘুরে দাঁড়াবে।”ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী জানান, সফর ঘিরে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

তার ভাষায়, “আমরা আশা করছি লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হবে।”ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘদিন পর তারেক রহমান ঠাকুরগাঁওয়ে আসছেন। এই জনসভা শুধু রাজনৈতিক সমাবেশ নয়, এটি জনগণের প্রত্যাশা ও আন্দোলনের প্রতীক। সবাইকে উপস্থিত হয়ে জনসভা সফল করার আহ্বান জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *