সর্বশেষ
ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: শপথ কে পড়াবেন, সরকার গঠনে এগিয়ে বিএনপি।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ শনিবার বিজয়ীদের গেজেট প্রকাশের কথা রয়েছে, আর এরপরই শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা।সাধারণ নিয়মে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত সদস্যদের শপথ পড়ান।

তবে জুলাই অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংসদ কার্যত অকার্যকর; স্পিকার দায়িত্বে নেই এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় প্রশ্ন উঠেছে এবার শপথ পড়াবেন কে?সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা আছে। সেখানে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকে তিন দিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি শপথ পাঠ করাবেন। যদি তিনি তা করতে ব্যর্থ হন, তবে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নিজেই শপথ পাঠ পরিচালনা করবেন। অর্থাৎ দুটি পথ খোলা রাষ্ট্রপতি কাউকে মনোনীত করতে পারেন, অথবা নির্ধারিত সময়ে তা না হলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, রাষ্ট্রপতি চাইলে কাউকে যেমন প্রধান বিচারপতিকে মনোনীত করতে পারেন। অন্যথায় প্রধান নির্বাচন কমিশনারকেই দায়িত্ব নিতে হবে, যদিও সে ক্ষেত্রে তিন দিন অপেক্ষা করতে হবে; সরকার তা চাইছে না। সূত্র বলছে, আগামীকাল রবিবার প্রধান বিচারপতিই নবনির্বাচিত সদস্যদের শপথ পড়াতে পারেন।সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ।

শপথ কক্ষ প্রস্তুত, সদস্যদের স্বাক্ষর গ্রহণ ও পরিচয়পত্রের জন্য ছবি তোলার বুথ স্থাপন করা হচ্ছে। জুলাই আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত কক্ষ ও অধিবেশন হল মেরামত করে ব্যবহার উপযোগী করা হয়েছে।নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের তথ্য অনুযায়ী, দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ২৯৭টি আসনের গেজেট প্রকাশ হবে; বাকি দুটি আসনে আইনগত বা কারিগরি প্রক্রিয়া চলমান।

ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট পেয়েছে ২১২টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন। একক দল হিসেবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি এবং অন্যান্য ছোট দল কয়েকটি আসন পেয়েছে।এই ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ এর অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত এ নির্বাচনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফেরার দ্বারপ্রান্তে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *