মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
তেজগাঁও কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বাহাদুর শাহ পার্কের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ শেষে মিছিলটি বিশ্বজিৎ চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।শিক্ষার্থী রাকিবুল ইসলাম অভিযোগ করেন, “ছাত্রদলের খুনীরা আমার ভাইকে হত্যা করেছে। ৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম খুনের রাজনীতি আর থাকবে না, কিন্তু সন্ত্রাসীরা আবারও সেই পুরোনো চাঁদাবাজির রাজনীতি ফিরিয়ে এনেছে।” আরেক শিক্ষার্থী ইয়ামিন সাদাত বলেন, “মাদকসেবনকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে জীবন দিতে হলো।
আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত বিচার দাবি করছি।”২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, “ছাত্রদল আবার হত্যার রাজনীতি শুরু করেছে। তাদের নিজেদের মধ্যে মাদক নিয়ে বিরোধে একজন শিক্ষার্থী নিহত হলো। আজ তেজগাঁও কলেজে হয়েছে, কাল অন্য ক্যাম্পাসে হতে পারে। আমরা চাই না ৫ আগস্টের পর এই দেশে হত্যার রাজনীতি ফিরে আসুক।”উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিক ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

