মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার:
হংকংয়ের তাই পো অঞ্চলের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। নিখোঁজ রয়েছেন আরও ২৭৯ জন। বুধবার রাতে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা লড়াই চালিয়ে গেলেও ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলেছে কমপ্লেক্সটিতে।হংকং কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই মারা যান, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪ জনের। উদ্ধার হওয়া আরও ৪৫ জনের অবস্থা সংকটজনক।পুলিশ এখন পর্যন্ত একটি কনস্ট্রাকশন কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে দুজন পরিচালক এবং একজন পরামর্শক।
পুলিশ বলছে, ভবনের ভেতরে পলিস্টাইরিনসহ দাহ্য উপকরণ পাওয়া গেছে, যা আগুনকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। এছাড়া নিরাপত্তা জাল, ক্যানভাস ও প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করেনি। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডেরেক আর্মস্ট্রং চ্যান জানান, রাতের অন্ধকারে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। এখনও দুটি ভবনে পৌঁছাতে সমস্যা হচ্ছে দমকলকর্মীদের।
ওয়াং ফুক কোর্টে মোট আটটি ভবন এবং প্রায় দুই হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে বাস করেন চার হাজার ৬০০ জনের বেশি মানুষ। আগুন লাগা ভবনে কতজন আটক ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে কয়েকজন দমকলকর্মীও রয়েছেন বলে তারা নিশ্চিত করেছে।

