মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী, ফ্রান্সপ্রবাসী ব্যবসায়ী এবং অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। তার নির্বাচনী প্রতীক মোরগ।প্রার্থীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কাজী এনায়েত উল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে ধানের শীষের পক্ষে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি ব্যক্তিগতভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে একান্তে কথা বলতে চান।
এনায়েত উল্লাহর সঙ্গে ব্যবসায়িকভাবে সংশ্লিষ্ট এক ব্যক্তি দাবি করেছেন, চেয়ারম্যান বাড়ির উত্তরসূরি হিসেবে তার নিজস্ব পারিবারিক ভোটব্যাংক দশ হাজারেরও বেশি। পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি এবং পারিবারিক ঐতিহ্যের শক্ত অবস্থান রয়েছে তার পক্ষে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলেন, তারেক রহমান যদি মাত্র কয়েক মিনিটের জন্যও মোরগ প্রতীকের এই প্রার্থীকে ডেকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন, তাহলে তিনি সম্মানিত বোধ করবেন এবং তারেক রহমানের সমর্থনে বড় আকারের শোডাউন ও প্রচারণায় নামবেন।
নিজ এলাকা ও নিজস্ব লোকবল ব্যবহার করে ব্যক্তিগত খরচে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সক্ষমতাও রয়েছে তার।এদিকে বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, কাজী এনায়েত উল্লাহর প্রতিনিধিরা ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে নির্বাচনী ব্যস্ততার কারণে এখনো তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়নি।
উল্লেখ্য, কাজী এনায়েত উল্লাহর প্রয়াত বড় ভাই ছিলেন অবিভক্ত গুলশান থানা বিএনপির সভাপতি এবং গুলশানের সাবেক কমিশনার। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়ার পক্ষে প্রচারণায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

