সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ট্রাম্প আপনাকে হত্যা করবেন’—খামেনিকে প্রকাশ্যেই মৃত্যুপরোয়ানা

Spread the love

ডেক্স রিপোর্ট, newsbd24live:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে এবার সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, যদি ইরানি বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ না করা হয় এবং তাদের হত্যা বা আহত করা অব্যাহত থাকে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যা করবেন।


​মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘ধর্মীয় নাৎসি’ হিসেবে আখ্যায়িত করেন।


​সাক্ষাৎকারে গ্রাহাম ইরানের সাধারণ জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা ইরানের জনগণের পাশে আছি। আপনারা আপনাদের দেশকে এই ধর্মীয় নাৎসির হাত থেকে পুনরুদ্ধার করুন, যে নিজের জনগণকে হত্যা করছে এবং বিশ্বজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে।


​ইরানের সর্বোচ্চ নেতার উদ্দেশে মার্কিন এই সিনেটর বলেন, আপনি যদি নিজের দেশের মানুষকে হত্যা করা অব্যাহত রাখেন, যারা কেবল একটি নতুন ও উন্নত জীবনের দাবি জানাচ্ছে, তবে ডোনাল্ড জে. ট্রাম্প আপনাকে হত্যা করবেন। তিনি ইরানি বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, সাহায্য আসছে, আপনারা ধৈর্য ধরুন।


​উল্লেখ্য, ইরানি মুদ্রার ভয়াবহ দরপতন এবং অর্থনৈতিক সংকটের জেরে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানজুড়ে তীব্র গণবিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর তথ্যমতে, বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৩৯ জন নিহত হয়েছেন এবং ২ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।


​সহিংসতা ও প্রাণহানির ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেও সতর্ক করেছিলেন যে, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। বুধবারও ইরানের বিভিন্ন শহরে অন্তত ৩৭টি বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।


​সিনেটর গ্রাহামের এই হুমকি দুই দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *