পায়েল আহমেদ ,স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টাকার লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্বাধীন পাল নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার ১৫ ডিসেম্বর ২০২৫ ইং সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে উপজেলার মৃতিঙ্গা মোকামের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত স্বাধীন পাল ২০ কমলগঞ্জ থানাধীন মৃতিঙ্গা চা বাগানের মমতিঙ্গা বড় লাইনের বাসিন্দা। তিনি সীমানৃত পালের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টাকার লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চন্ডিপুর এলাকার মাহি নামের এক যুবক স্বাধীন পালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
এক পর্যায়ে মাহি ধারালো ছুরি দিয়ে স্বাধীন পালের বুকের বাম পাশের পাঁজরে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তবে সিলেটে নেওয়ার পথেই স্বাধীন পালের মৃত্যু হয়।খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

