সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

টাইম ম্যাগাজিনের চোখে তারেক রহমান: কৌশলী নেতৃত্ব, আধুনিক পরিকল্পনা ও রাজনৈতিক প্রত্যাবর্তন।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম। প্রতিবেদনে তাকে একজন অন্তর্মুখী, সংযত, বাস্তববাদী এবং আধুনিক রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে চিত্রিত করা হয়েছে।টাইমের বিশ্লেষণে বলা হয়েছে, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তারেক রহমান সুস্পষ্টভাবে এগিয়ে থাকা একজন নেতা। সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী, তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় ৭০ শতাংশ জনসমর্থন রয়েছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন ১৯ শতাংশ।দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তারেক রহমান।

বিমানবন্দর থেকে ঢাকার রাজপথ পর্যন্ত লাখো মানুষের অভ্যর্থনায় তিনি অভিষিক্ত হন। টাইম তাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক অভিজাত শ্রেণি ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্ক্ষার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু হিসেবে আখ্যায়িত করেছে।প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমান আবেগের পরিবর্তে তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও সুস্পষ্ট পরিকল্পনায় বিশ্বাসী। দেশের অর্থনীতি, পরিবেশ ও সামাজিক উন্নয়নের জন্য তার রয়েছে দীর্ঘমেয়াদি কৌশল। ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় ১২ হাজার মাইল খাল খনন, ভূমি সংরক্ষণে বার্ষিক ৫ কোটি বৃক্ষরোপণ, ঢাকার বায়ুদূষণ কমাতে ৫০টি নতুন সবুজ অঞ্চল, এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো আধুনিক উদ্যোগ তার পরিকল্পনার অংশ।

তিনি কারিগরি শিক্ষার মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যখাতে বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারত্ব এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা সম্প্রসারণে আগ্রহী। তার বক্তব্য অনুযায়ী, পরিকল্পনার মাত্র ৩০ শতাংশ বাস্তবায়ন করলেই জনগণের আস্থা ধরে রাখা সম্ভব।

ব্যক্তিগত জীবনে তারেক রহমানকে একজন শান্ত, স্বল্পভাষী ও ভালো শ্রোতা হিসেবে বর্ণনা করা হয়েছে। অবসরে তিনি ইতিহাস পড়েন এবং লন্ডনের রিচমন্ড পার্কে হাঁটতে পছন্দ করেন। রাজনৈতিক জীবনের অতীত অভিজ্ঞতা ও শারীরিক কষ্টকে তিনি জনগণের প্রতি দায়িত্বের স্মারক হিসেবে দেখেন।আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক উন্নয়নে আগ্রহী তিনি, এমনকি বোয়িং বিমান ও জ্বালানি অবকাঠামোতে বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার মন্তব্যে কূটনৈতিক ভারসাম্যের ইঙ্গিত পাওয়া যায়।

প্রতিবেদনে আরও উঠে এসেছে তারেক রহমানের মানবিক ও কোমল দিক বিশেষ করে তার পোষা বিড়াল ‘জেবু’ সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা, যা তার একটি ভিন্ন, ব্যক্তিগত ইমেজ তুলে ধরেছে।

টাইম প্রতিবেদনের উপসংহারে স্পাইডারম্যান চলচ্চিত্রের বিখ্যাত উক্তির মাধ্যমে তার বর্তমান দায়িত্ববোধের প্রতিফলন ঘটানো হয়েছে। “বড় ক্ষমতার সঙ্গে আসে বড় দায়িত্ব।”তারেক রহমান বিশ্বাস করেন, জনগণের সমর্থন পেলে তিনি বাংলাদেশকে একটি স্থিতিশীল, আধুনিক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *