সরদার সাইদী হাসান বাবু্,খুলনা জেলা প্রতিনিধি:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এ সময় দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, এর মধ্যে ২-৩টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি (৮–১০° থেকে ৬–৮° সেলসিয়াস) এবং ১–২টি হবে মাঝারি থেকে তীব্র (৬–৮° থেকে ৪–৬° সেলসিয়াস)।
জানুয়ারিতে দিন-রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক থাকলেও, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকা ও অন্যান্য এলাকায় হালকা থেকে ঘন কুয়াশা পড়বে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন-রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি আরও তীব্র হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারিতে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ থাকবে। দৈনিক গড় বাষ্পীভবন হবে ১.৫০ থেকে ৩.৫০ মিমি এবং সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টা।আবহাওয়া অফিস সাধারণ জনগণকে শীতের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে, কারণ জানুয়ারি মাসটি শৈত্যপ্রবাহের কারণে বেশ ঠাণ্ডা হবে।

