সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদে’ গণভোট চাইল জামায়াত, কেন এই দাবি?

Spread the love

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলমান রাজনৈতিক আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে জামায়াতের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদের’ ওপর গণভোটের দাবি জানানো হয়েছে।আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন— জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ. টি. এম. মা‘ছুম এবং রফিকুল ইসলাম খান।সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদের’ ওপর গণভোট আয়োজনের দাবি জানান। জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের বৈঠকে যুক্তি দেন, “জাতীয় নির্বাচনের আগেই গণভোট হওয়া প্রয়োজন, কারণ জুলাই সনদে এমন অনেক বিষয় রয়েছে যা জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত।” একইসঙ্গে তিনি সতর্ক করেন যে, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হলে ভোট গ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকে।নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের স্বার্থে প্রধান উপদেষ্টা কর্তৃক গৃহীত যেকোনো সিদ্ধান্তের প্রতি জামায়াতের পূর্ণ আস্থা রয়েছে বলেও বৈঠকে দলটির নেতারা উল্লেখ করেন।জবাবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জামায়াত নেতাদের আশ্বস্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি; সামনে আরও অনেক উদ্যোগ আপনারা দেখতে পাবেন।” জামায়াত নেতাদের তিনি আরও জানান, নির্বাচনের আগে প্রশাসনের যেকোনো রদবদল তিনি নিজেই সরাসরি তদারকি করবেন। এছাড়া, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও তিনি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।সোর্স: নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *