মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
চুরির অভিযোগ পাওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই চুরি হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধারসহ দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অভিযোগ পাওয়া মাত্রই মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সিরাজদিখান থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান শুরু করে।
সিরাজদিখান থানাসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পুলিশ দুইজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লৌহজং উপজেলার কালপাড়া এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাটি ব্যাটারিসহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো—১) সিফাত শেখ (২৩), পিতা: আব্দুর মজিদ শেখ, সাং: দেবীপুর, থানা: সিরাজদিখান, জেলা: মুন্সীগঞ্জ।২) মামুন দেওয়ান (২২), পিতা: মৃত আব্দুল জব্বার, সাং: কালরাড়া, থানা: লৌহজং, জেলা: মুন্সীগঞ্জ।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যান্য অপরাধে জড়িত থাকার বিষয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে।

