সর্বশেষ
ফেব্রুয়ারি ৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের সফর ঘিরে নির্মিত তোরণ অপসারণ, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মিত একটি তোরণ অপসারণ করেছে প্রশাসন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত বুধবার রাতে শহরের বিশ্বরোড মোড় এলাকায় বাঁশ ও কাপড় দিয়ে তৈরি তোরণটি ভেঙে ফেলা হয়।এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।

তিনি জানান, সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য নির্ধারিত আচরণবিধিতে তোরণ নির্মাণ নিষিদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকেই তোরণটি অপসারণ করা হয়।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমিরের সফর ও নির্বাচনী জনসভা একইসঙ্গে নির্বাচনী কার্যক্রমের অংশ হওয়ায় এ ধরনের তোরণ নির্মাণ আচরণবিধির পরিপন্থী।প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সফরে আসার কথা রয়েছে, আর সেই উপলক্ষেই তোরণটি নির্মাণ করা হয়েছিল।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমিরে জামায়াতের কর্মসূচিতে এভাবে তোরণ ভেঙে ফেলা অনুচিত। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন জেলায় একই ধরনের তোরণ নির্মাণ করা হচ্ছে, সেখানে অনুমতি থাকলেও চাঁপাইনবাবগঞ্জে তা ভেঙে ফেলা বৈষম্যমূলক। তিনি আরও বলেন, অপসারণের আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *