সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গভীর রাতে ‘ডেভিল হান্ট’ অপারেশনে ধরা পড়লেন দিনাজপুরের সেই দাপুটে আ.লীগ নেতা!

Spread the love

​নিজস্ব প্রতিবেদক, নিউজবিডি২৪ লাইভ:

দিনাজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ‘ডেভিল হান্ট অপারেশন-২’-এর অংশ হিসেবে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের সঙ্গে তার লিপ্ত থাকার তথ্য পাওয়া গেছে।


​শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।


​গ্রেফতারকৃত আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি কাজে অবৈধ প্রভাব বিস্তার, তদবির বাণিজ্য এবং সরকারি প্রকল্পের বরাদ্দ ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং হামলার ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে।


​পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, মিতা ও তার সহযোগীরা পলাতক থেকে আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার উদ্দেশ্যে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিলেন।
​উল্লেখ্য, গ্রেফতারকৃত এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়া অপর একটি মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে অভিযুক্ত করে ইতিপূর্বেই আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
​আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *