মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মুন্সিগঞ্জের গজারিয়া ও চাঁদপুরে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার ৭ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়ার একটি দল গজারিয়ার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে যানবাহনসহ ছেড়ে দেওয়া হয়।অন্যদিকে, একইদিন মধ্যরাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে দুটি সন্দেহজনক লঞ্চ তল্লাশি করে প্রায় ৪৯ লাখ টাকা মূল্যের ৭ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে লঞ্চের মাস্টার ও সুপারভাইজারের কাছ থেকে মুচলেকা নিয়ে লঞ্চ দুটি ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও জাটকা নিধন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

