মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দি হাইস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগুনে ঘরে থাকা সব আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক রেনু মিয়া ও সিরাজ প্রধানের ঘরের রান্নাঘরে থাকা একটি এলপিজি সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েক মুহূর্তেই টিনের চৌচালা ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফিরোজ মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ও ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১৫ লাখ টাকা, আর উদ্ধারকৃত সম্পদের মূল্য প্রায় ৩০ লাখ টাকা হিসেবে অনুমান করা হচ্ছে।অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

