সরদার সাইদী হাসান বাবু,খুলনা জেলা প্রতিনিধি:
চলমান মাদক ও অবৈধ ঔষধ পাচার রোধে কেএমপি (খুলনা মেট্রোপলিটন পুলিশ)-র হরিণটানা থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ২৫০ পিস অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। এ সময় একজন চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৯ মার্চ) দুপুর ১৩টা ৩০ মিনিটে হরিণটানা থানা জিরোপয়েন্ট মোড়স্থ পূবালী ব্যাংক পিএলসি-র এটিএম বুথের সামনে এই চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম হুমায়ুন কবির শিকদার (৪৮)। তার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার বাগদি গ্রামের ০১ নং ওয়ার্ডে। তার পিতার নাম শাজাহান শিকদার।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশ জিরোপয়েন্ট মোড়ে একটি চেকপোস্ট বসায়। চেকপোস্ট চলাকালে সন্দেহজনকভাবে চলতে থাকা হুমায়ুন কবির শিকদারকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ পাওয়া যায়। উদ্ধারকৃত ঔষধের পরিমাণ ২,২৫০ পিস ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে ঔষধ নিয়ে এসে বাংলাদেশে পাচার করছিল।হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা অবৈধ ঔষধ পাচারের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করেছি। উদ্ধারকৃত ঔষধগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় প্রয়োজনীয় আইনানুগ মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।”এদিকে, স্থানীয়রা পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি করেছেন।

