সর্বশেষ
মার্চ ১৯, ২০২৬

কমলগঞ্জের শেকড় রক্ষার লড়াইয়ে ‘উই আর কমলগঞ্জ’: অপসংস্কৃতি রুখতে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলের ঘোষণা

Spread the love

সৈয়দ তানভীর আহমেদ কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের নিজস্ব ঐতিহ্য, লোকজ সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধারের এক বিশাল স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ (WAK)’। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে এক বিশেষ সাংস্কৃতিক জাগরণ ও জনসচেতনতামূলক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।


​সংগঠনের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র ডক্টর অপু আবুল হাসান এক বিবৃতিতে জানান, ‘উই আর কমলগঞ্জ’ কেবল একটি সাধারণ উদ্যোগ বা কো-অপারেটিভ নয়, বরং এটি এই অঞ্চলের মানুষের শেকড় খোঁজার এক নিরন্তর লড়াই। তিনি বলেন, আমাদের লক্ষ্য এমন এক সমৃদ্ধ কমলগঞ্জ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ তার নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গর্ব করতে পারবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে সুস্থ সংস্কৃতি পৌঁছে দেওয়া গেলে তারা বিজাতীয় অপসংস্কৃতির ভিড়ে হারিয়ে যাবে না।


​সাংস্কৃতিক জাগরণের প্রথম ধাপ হিসেবে গত একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ মিছিল’-এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দল-মত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে কমলগঞ্জের সকল স্তরের মানুষকে এই আয়োজনে শামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।


​বিবৃতিতে ডক্টর অপু আবুল হাসান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ঈদের ছুটিতে আসা পর্যটকদের একাংশ অনেক সময় উচ্চশব্দে অশোভন গান বাজানোসহ এমন কিছু কর্মকাণ্ডে লিপ্ত হন, যা স্থানীয় ধর্মীয় ও লোকজ সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। এসব অপতৎপরতা স্থানীয় যুবসমাজকে বিভ্রান্ত করছে। ‘উই আর কমলগঞ্জ’ চায় এই অপসংস্কৃতির আগ্রাসন রুখে দিয়ে সুস্থ ধারার লোকজ সংস্কৃতির সৌন্দর্য সবার সামনে তুলে ধরতে।


​সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই লড়াই কোনো বিশেষ ধর্মীয় ব্যানারে নয়, বরং এটি কমলগঞ্জের আদি সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লড়াই। বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ না করে স্থানীয় সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণই এই সংগ্রামের মূল লক্ষ্য। বিজ্ঞপ্তি শেষে তিনি এই সাংস্কৃতিক বিপ্লবে সবাইকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *