সর্বশেষ
মার্চ ১৬, ২০২৬

কমলগঞ্জের মুন্সীবাজারে বিদ্যুৎ কর্মীদের গাফিলতিতে সাধারণ মানুষ জিম্মি

Spread the love

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পল্লী বিদ্যুতের চরম অবহেলায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। মুন্সীবাজার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের দায়িত্বহীনতায় যেকোনো সময় একটি পরিবার বা জনপদ আজীবনের কান্নায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


​স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার ৫নং ওয়ার্ডের নারায়ণক্ষেত্র গ্রামের দক্ষিণ জামে মসজিদের মিটার লাইনটি ছিঁড়ে সরাসরি রাস্তার ওপরে পড়ে আছে। অত্যন্ত ব্যস্ততম এই সড়কে জনসাধারণের চলাচলে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গ্রামবাসী এই মারাত্মক ঝুঁকির বিষয়টি তাৎক্ষণিকভাবে মুন্সীবাজার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে জানানোর চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি।

বারবার কল করা সত্ত্বেও অভিযোগ কেন্দ্রের কর্মকর্তাদের কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
​এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যুতের এই জীবন্ত তার রাস্তার ওপর পড়ে থাকা মানেই মৃত্যুর হাতছানি। কিন্তু পাবলিক সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও অভিযোগ কেন্দ্রের কর্মকর্তাদের এমন উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের এই অবহেলার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।


​নারায়ণক্ষেত্র গ্রামের বাসিন্দারা এই বিষয়ে কমলগঞ্জ পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই সমস্যার সমাধান এবং ছিঁড়ে পড়া তার অপসারণের অনুরোধ জানিয়েছেন। একইসাথে মুন্সীবাজার অভিযোগ কেন্দ্রে দায়িত্বরতদের পাবলিক সার্ভিসে অবহেলার কারণে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *