মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার:
ঢাকাঃভোরের আলো ফুটতেই রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন চোখে পড়ে স্পষ্টভাবে। খোলা আকাশের নিচে মানবেতর পরিস্থিতিতে দিন কাটাতে বাধ্য হয়েছেন অসংখ্য মানুষ।সরেজমিনে দেখা যায় পুড়ে যাওয়া ঘরের ধ্বংসাবশেষে পরিবার-পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
কেউ ভাঙা ঘরের স্তূপ থেকে যা সামান্য অবশিষ্ট আছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন; কারও হাত ভর্তি অর্ধদগ্ধ কাপড় ছাড়া আর কিছু নেই। চারদিকে ছড়িয়ে রয়েছে টিন, কংক্রিট, পোড়া কাঠ আর ধোঁয়ার তীব্র গন্ধ যেন আগুন তাদের সবকিছুই কেড়ে নিয়েছে।ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ঘিঞ্জি এলাকা ও তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে বড় বাধার মুখে পড়তে হয়েছে।
মোট ১৯টি ইউনিট সেখানে কাজ করে, পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সাহায্যে এগিয়ে আসেন।উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। সংকীর্ণ গলি ও পানি সংকটের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

