পায়েল আহমেদ,স্টাফ রিপোর্টার, নিউজবিডি২৪লাইভ:রাজনগরের বাউল শিল্পী দম্পতির উপর নির্যাতন ও ফেইক ফেসবুক আইডি থেকে মানহানিকর পোস্টের প্রতিবাদে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাউল শিল্পী শিউলী আক্তার (৩০) ও তার স্বামী বাউল শিল্পী হাকিম মিনহাজ (৩৪) উপস্থিত হয়ে তাদের ওপর চলমান মানসিক ও শারীরিক নির্যাতনের বর্ণনা দেন।লিখিত বক্তব্যে তারা জানান, রাজনগর উপজেলার তেলিজুরী গ্রামে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং বাউল গানের জগতে সুনাম অর্জন করেছেন। সেই জনপ্রিয়তার জেরে একই এলাকার কিছু ব্যক্তি — নেপুর মিয়া, সাকিম মিয়া, ছানাই মিয়া, ইসমিন বেগম, রুবেল মিয়া, ডালিম মিয়া, লাবনী আক্তার ও বিউটি বেগম — বিভিন্ন সময় তাদের হুমকি দিয়ে নানা সুবিধা আদায়ের চেষ্টা করেন।সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে ‘মুখোশ উন্মোচন’, ‘বোড়ো মিয়া’, ও ‘ডালিম আহমদ’ নামের ফেইক ফেসবুক আইডি থেকে মানহানিকর ও অশ্লীল মন্তব্য পোস্ট করা হচ্ছে। এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন বাউল দম্পতি।ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিষয়টি রাজনগর থানায় জানানো হলেও পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না; বরং মামলাটি আপোষ করার জন্য চাপ দিচ্ছে।এছাড়া, ২০১৭ সালে নেপুর মিয়া ও তার সহযোগীরা প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ৬০ পরিবারের জন্য বিদ্যুৎ সংযোগের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করেননি। টাকা ফেরত চাইলে বাউল দম্পতিকে মারধর করা হয়।তারা আরও অভিযোগ করেন, ২০২৩ সালের মার্চ মাসে ইতালিতে ওয়ার্ক পারমিটে পাঠানোর নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় জগলু মিয়া ও তার সহযোগীরা। পরে জাল টিকিট দিয়ে দুই দফা বিমানবন্দর থেকে ফিরিয়ে আনা হয়। টাকা ফেরত চাইলে তাদেরকে ফের মারধর করা হয়। এ ঘটনায় তারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন (মামলা নং: সিআর ২৩১/২৩)।সবশেষে গত ১ নভেম্বর ছানাই মিয়া ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে মানহানিকর তথ্য প্রচার করে বলে অভিযোগ করেন তারা। প্রতিবাদ করলে অন্তঃসত্ত্বা স্ত্রী শিউলী আক্তারকে মারধর করা হয়। প্রাণের নিরাপত্তাহীনতায় ভুগে তারা বর্তমানে মৌলভীবাজার শহরের একটি হোটেলে আশ্রয় নিয়েছেন।বাউল শিল্পী হাকিম মিনহাজ বলেন, “আমি, আমার স্ত্রী ও শিশু সন্তান এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমাদের প্রাণের নিরাপত্তা ও ন্যায়ের আশ্রয় চাই।”

