মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
ইরানের শেষ শাহ মোহম্মদ রেজা শাহ পাহলভির সন্তান এবং দেশটির ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন, তিনি ইরানে ফিরতে প্রস্তুত এবং তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন অবশ্যম্ভাবী।শুক্রবার (১৬ জানুয়ারি) ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এখানে আর কোনো যদি-কিন্তু নেই। প্রশ্ন শুধু একটাই এটি কবে ঘটবে।”তিনি আরও বলেন, গত ২০ দিন ধরে ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে জনগণ পরিবর্তন চায়। এই আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ভিডিওবার্তার মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন তিনি।
একই সঙ্গে জনগণকে সংগঠিত থাকার আহ্বানও জানিয়েছেন রেজা পাহলভি।সংবাদ সম্মেলনে তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৮ সালের জানুয়ারিতে সামরিক প্রশিক্ষণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। পরের বছর ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে সংঘটিত ইসলামি বিপ্লবে উৎখাত হয় ইরানের রাজতন্ত্র। ওই বিপ্লবের পর তার বাবা মোহম্মদ রেজা শাহ পাহলভিসহ রাজপরিবারের অধিকাংশ সদস্য দেশ ছাড়তে বাধ্য হন। সেই সময় থেকেই ইরানে আর ফেরা হয়নি রেজা পাহলভির।তবে এবার ইরানে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “আমি অবশ্যই ইরানে ফিরব।”আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে রেজা পাহলভি বলেন, “ইরানের জনগণ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করছে।
এখন বিশ্বসম্প্রদায়ের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। ইসলামি প্রজাতন্ত্রের ভয়াবহ নিপীড়ন থেকে ইরানের জনগণকে রক্ষা করুন। যেসব দেশ এই সরকারকে স্বীকৃতি দিয়েছে, তারা দূতাবাস বন্ধ করুক এবং ইসলামি প্রজাতন্ত্রের কূটনীতিকদের বহিষ্কার করুক।”

