নাচোল প্রতিনিধি,মোঃ ইসমাইল হোসেন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি কল্যাণমুখী ও ইনসাফভিত্তিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান।মঙ্গলবার (৩ মার্চ) নাচোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোলামোড় দারুস সালাম সালাফিয়াহ্ মাদ্রাসা মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে। নাচোল ইউনিয়নকে একটি আদর্শ ও কল্যাণমুখী এলাকা হিসেবে গড়ে তুলতে দলবল নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি এবং সকল প্রকার অনিয়ম নির্মূল করতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান করেন।বক্তব্যে তিনি সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং তাদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
ভোলামোড় ইফতার পার্টি বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল তোয়াব এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল ইউনিয়ন আমীর ইন্জিনিয়ার মেসবাহুল গনি মাসুদ, স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

