জাতীয় ঐকমত্য কমিশনের আট খণ্ডের প্রতিবেদন জনগণের জন্য সহজবোধ্য ভাষায় বই আকারে প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। আট খণ্ডের এ প্রতিবেদনে কমিশনের সুপারিশ, সভা, কার্যবিবরণী এবং প্রাপ্ত মতামতের বিস্তারিত সংকলন রয়েছে।প্রধান উপদেষ্টা বলেন,“এই প্রতিবেদন সাধারণের সহজবোধ্য একটি সংস্করণ তৈরি করতে হবে। বই আকারে প্রকাশ করতে হবে যাতে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বুঝাতে পারে।”তিনি বইটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানান।“ভবিষ্যতে বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য হয়ে যায়, সেটিও বিবেচনায় রাখতে হবে। তরুণ প্রজন্ম বইটি পড়বে, জানবে, এবং তাদের বাবা-মাকেও জানাবে এতে কী আছে,” যোগ করেন প্রধান উপদেষ্টা।প্রতিবেদন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।প্রফেসর আলী রীয়াজ বলেন,“এই আট খণ্ডের প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫, কমিশনের কার্যক্রম, রাজনৈতিক দলের প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত, রাজনৈতিক সংলাপের পূর্ণ বিবরণ সংকলিত হয়েছে। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে এই প্রতিবেদন গবেষণা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।”উল্লেখ্য, গতকাল মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করেছে।

