সর্বশেষ
ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসন ছাড়ের রাজনীতি: কৌশল না সৌজন্য ইসলামী দলগুলোর নতুন বার্তা।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী রাজনৈতিক অঙ্গনে আসন ছাড়ের সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাজনৈতিক সমীকরণে কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা দৃশ্যমান হয়েছে।চরমোনাই পীরের প্রতি সম্মান জানিয়ে বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবীর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

একইসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সৌজন্য দেখিয়ে তিনি যে দুই আসনে ঢাকা-১৩ ও বাগেরহাট-১ প্রার্থী হয়েছেন, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে।এই পারস্পরিক আসন ছাড়কে কেউ দেখছেন কৌশলগত হিসাব হিসেবে, আবার কেউ বলছেন রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেখানে জয়ের সম্ভাবনা দুর্বল, সেখানে মুখরোচক পরাজয়ের বদলে সৌজন্য দেখানো একটি বাস্তববাদী সিদ্ধান্ত।

তবে একই সঙ্গে এটি রাজনীতিতে পারস্পরিক সম্মান ও শালীনতার একটি ইতিবাচক বার্তাও দেয়।জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইসলামী আন্দোলনের ভূমিকা তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং সৌজন্যের কারণেই নির্দিষ্ট আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান স্পষ্ট করেছেন, দলটি কোনো জোটে না গিয়ে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ প্রার্থীকে সমর্থন দেবে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আল মাসুদ হাসানুজ্জামান মনে করেন, জোট ভেঙে যাওয়ার পরও এ ধরনের সৌজন্য ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, এটিকে কৌশল ও শিষ্টাচার দুই দিক থেকেই দেখা যায়, তবে পারস্পরিক সম্মান রাজনীতিতে একটি বিরল ও প্রশংসনীয় দৃষ্টান্ত।সব মিলিয়ে, ইসলামী দলগুলোর এই আসন ছাড়ের সিদ্ধান্ত নির্বাচনী রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সৌজন্যও স্থান পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *