সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

আসনবণ্টনের বাইরে আদর্শিক সংঘাত: ১১-দলীয় জোট ভাঙন নিয়ে ইসলামী আন্দোলনের অবস্থান।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে দেখা দিয়েছে স্পষ্ট বিভাজন। ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে ১০ দল বৃহস্পতিবার নিজেদের মধ্যে ২৫৩ আসনের বণ্টন সম্পন্ন করে। এর এক দিন পর শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। দলটির মতে, এই ভাঙনের কারণ কেবল আসনবণ্টন নয়; বরং সংবিধান বনাম কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রশ্নে মৌলিক রাজনৈতিক দর্শনের সংঘাতই মূল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দলের আমির সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর) সর্বপ্রথম সব ইসলামী দলকে একবাক্সে ভোটের আহ্বান জানান। সেই ডাকে জামায়াতসহ সবাই একসঙ্গে আসে। কিন্তু এই ঐক্যকে পুঁজি করে জামায়াত নিজেদের বড় দল হিসেবে জাহির করতে শুরু করে বলেও অভিযোগ করেন তিনি।তার ভাষ্য, ইসলামী দলগুলোর ঐক্যের মূল প্রতিপাদ্য ছিল বাংলাদেশে ইসলামী হুকুমাত কায়েম ও কোরআন-সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা। এ বিষয়ে সবাই একমত থাকলেও হঠাৎ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রকাশ্যে বর্তমান সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেন।

ইসলামী আন্দোলন এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানালেও জামায়াত অনড় থাকায় তখন থেকেই অনৈক্য গভীর হয়।মুফতি ফয়জুল করিম আরও বলেন, জামায়াত এদেশে স্বাধীনতাবিরোধী দল হিসেবে পরিচিত; ফলে তাদের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ায় সীমাবদ্ধতা রয়েছে। এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তে ভোটের মাঠে প্রভাব নিয়ে তিনি আশাবাদী। তার মতে, যারা ইসলামী হুকুমাত চায় না তাদের সঙ্গে থাকলে ধর্মপ্রাণ ভোটারদের আপত্তি থাকত; বরং এখন সারা দেশে হাতপাখার গণজোয়ার সৃষ্টি হবে।নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, যাদের হাতে জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে ভোটাররা তাদেরই বেছে নেবে, আর সে ক্ষেত্রে ইসলামী আন্দোলন এগিয়ে। শেষ পর্যন্ত তিনি ইঙ্গিত দেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২১ জানুয়ারি পর্যন্ত এখনও সময় আছে জাতির কল্যাণে ও ইসলামের পক্ষে নতুন কোনো সমীকরণও সামনে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *