সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ

Spread the love

নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি (রাঙামাটি), প্রতিনিধি :

রাঙামাটি–২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বাঘাইছড়িতে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের ঢেবার পাড়া ও মধ্যম পাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।বিকাল থেকে শুরু হওয়া গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো হয়। স্থানীয় নারী-পুরুষ, যুবক ও প্রবীণ ভোটারদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ি জনপদ অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের শিকার। উন্নয়ন ও গণতন্ত্রের নামে পাহাড়ের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সেই লক্ষ্যেই ধানের শীষকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।নেতৃবৃন্দ আরও বলেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান পাহাড়ের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। তিনি নির্বাচিত হলে পাহাড়ের অধিকার, শান্তি ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

তাই পাহাড়ের মানুষের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী নিজাম উদ্দীন বাবু। এতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দীন বাহারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ খাজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।কর্মসূচির শেষ পর্যায়ে নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে জনগণ নিরপেক্ষভাবে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। পাহাড়ের মানুষের অধিকার আদায়ে সবাইকে শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *