মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা ঘোষণা করায় এখন এ নিয়ে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের আদেশের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।তিনি বলেন, সুপ্রিম কোর্ট কোনো আইন পাস করার নির্দেশ দিতে পারে না।
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে জনগণের অধিকারের প্রশ্নে আদালতের মতামত নেওয়া হয়েছিল। এখানে গণঅভ্যুত্থান বৈধ বা অবৈধ ছিল কি না, তা বিবেচ্য নয়। বিজয়ী জনতার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত হওয়ায় অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই।অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়ালভাবে বসে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের ওপর মতামত দিয়েছে। এটি কোনো বিচার বা শুনানি ছিল না, বরং প্রয়োজনীয় মতামত প্রদান মাত্র। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য নতুন সংসদের অনুমোদন প্রয়োজন হয় না।
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার আপিল বিভাগ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেয়।

