মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলার নানান উপজেলায় জনতার ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন স্থানে (১৯ ডিসেম্বর ২০২৫) প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল গুলোতে অংশগ্রহণকারীরা হাতে বিশাল ব্যানার ও ফেস্টুন বহন করেন, যেখানে লেখা ছিল— “শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল”।বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকাগুলোতে।
প্রতিটি কণ্ঠে উচ্চারিত হয় ক্ষোভ, শোক এবং ন্যায়বিচারের দাবি। মিছিল গুলোর শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গভীর বেদনা ও তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সমাজে চলমান সহিংসতা ও বিচারহীনতার ভয়াবহ প্রতিচ্ছবি।বক্তারা অবিলম্বে এই হত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
তারা বলেন, একের পর এক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে, যা সমাজে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়াচ্ছে।সমাবেশে উপস্থিত বক্তারা আরও সতর্ক করে বলেন, বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ না হলে দেশ ও সমাজ আরও গভীর সংকটের দিকে ধাবিত হবে। তাই অবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল ন্যায়বিচারের দৃঢ় প্রত্যয় ও প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ।

