আল-আমিন বিশেষ প্রতিনিধি শেরপুর :
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা বড়ইকুচি এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সরবরাহকৃত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এক বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডাব সাবান জব্দ করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ (করগাঁও বিওপি)-এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্য পাচারের প্রস্তুতির খবর পেয়ে করগাঁও বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় পালিয়ে যাওয়ার পূর্বে সেখানে ফেলে যাওয়া ১৮টি বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে ৮৯৫ কার্টনের ভেতর মোট ৬ হাজার ৪৮ পিস ভারতীয় ডাব সাবান জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারি চক্র ভারতীয় পণ্য আনতে সক্রিয় ছিল। এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এ সফল অভিযানে চক্রটি বড় ধাক্কা খেয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।স্থানীয় বাসিন্দারাও বিজিবির এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে সীমান্তে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

