শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। এই হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
শনিবার ১৩ ডিসেম্বার, ২০২৫, দুপুর ১২ টায় শ্রীনগর জমজম টাওয়ারের সামনে থেকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন খান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে এবং ভোটারদের ভয় দেখাতে এসব হামলা চালানো হচ্ছে।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন ও জহিরুল হক মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল ও শহিদুল ইসলাম কাড়াল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন এবং যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, কৃষকদলের সদস্য শেখ অরুণ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম বেপারী, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান ও মিন্টু শেখ।
নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত যদি হামলাকারীদের শাস্তি না দেওয়া হয়, তবে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

