মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিনাটোরে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো ৬ষ্ঠ নাটোর জেলা কাব ক্যাম্পুরী ২০২৫। শনিবার বেলা ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী উপজেলা মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই ৫ দিনব্যাপী মহোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এবারের কাব ক্যাম্পুরীতে জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ জন কাব স্কাউট সদস্য, ইউনিট লিডার ও প্রশিক্ষক অংশগ্রহণ করছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “স্কাউট কার্যক্রম শিশুদের মধ্যে শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করে। এই ক্যাম্পুরী তাদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”এ সময় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার সাধারণ সম্পাদক ও কাব ক্যাম্পুরীর সদস্য সচিব এস এম গোলাম মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, কাব ক্যাম্পুরী শিশুদের নিয়মিত জীবনযাপন, সম্মানবোধ, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়ক ভূমিকা রাখে। ৫ দিনব্যাপী এই ক্যাম্পুরীতে প্রতিদিন থাকবে নানা ধরনের শিক্ষামূলক কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি।

