জহুরুল হক জনি,স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট-০৩ সদর আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেষ দিনের প্রচারণায় পৃথকভাবে শক্তি প্রদর্শন করেছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার আগে শেষ মুহূর্তে নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দিতে দুই দলই শোডাউন কর্মসূচি পালন করে।সকালে বিএনপির মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলুর সমর্থনে রেলওয়ে এম টি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল বের হয়।
মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন ক্লাব এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।হাজারো মানুষের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।অপরদিকে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহেরের সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিল নয়ারহাট এলাকা থেকে বের হয়।
মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মিশন মোড় গোলচত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহেরসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এর আগে মিশন মোড় এলাকার মুনস্টার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন অ্যাডভোকেট আবু তাহের।

