সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

লালমনিরহাটে সীমান্তের বেড়া কাটতে গিয়ে বিজিবি’র জালে গরু চোরাকারবারি আটক

Spread the love

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে তারকাঁটার বেড়া কর্তন করার সময় মোঃ লাভলু হোসেন (৪০) নামে এক চিহ্নিত গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত রোববার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে বে-আইনিভাবে প্রবেশের চেষ্টার সময়ই তাকে হাতেনাতে ধরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর টহলদল।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন বড়খাতা বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর একটি টহলদল হাতিবান্ধা উপজেলার বুড়াসারডুবি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে।এ সময় তারা ভারতীয় সীমান্তে বে-আইনিভাবে তারকাঁটার বেড়া কর্তনকালে মোঃ লাভলু হোসেনকে হাতেনাতে আটক করে। চোরাচালানের উদ্দেশ্যে তিনি এই বেড়া কর্তন করেছিলেন বলে বিজিবি নিশ্চিত করেছে।

আটককৃত মোঃ লাভলু হোসেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা বুড়াসারডুবি গ্রামের মৃতঃ খলিল মিয়ার ছেলে।আটকের পর বিজিবি মোঃ লাভলু হোসেনের কাছ থেকে গরু চোরাচালানের কাজে ব্যবহৃত একটি তারকাঁটার বেড়া কাটার প্লাস (কাটার), একটি স্মার্ট ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করে।

বিজিবি আরো জানায়, আটককৃত আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি আসামিকে থানায় সোপর্দ করেছে।তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *