আল-আমিন, বিশেষ প্রতিনিধি, শেরপুর
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে হঠাৎ করে মাদ্রাসার কমন রুমে আগুন ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো কক্ষটি।স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা দ্রুত পানি ও অন্যান্য উপায়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই কমন রুমের ভেতরে থাকা আসবাবপত্র, বইপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এসময় চারদিকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।অগ্নিকাণ্ডে মাদ্রাসার গুরুত্বপূর্ণ শিক্ষাসামগ্রী, আসবাবপত্র ও নথিপত্রসহ কমন রুম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে।স্থানীয় জনপ্রতিনিধি ও মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

