সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

রংপুরে কলেজ গেটের সামনেই মিলল মরণনেশা, নারী মাদক কারবারি গ্রেফতার!

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য এসকফসহ (ESkuf) এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পুলিশের জালে আটকা পড়েন ওই নারী।


​রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে রংপুর নগরীর তাজহাট থানাধীন কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের মূল গেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​গ্রেফতারকৃত ওই নারীর নাম মোছাঃ রিতা বেগম ওরফে ইতি (৩৪)। তিনি নওগাঁ জেলার সদর থানার চকদেব (চকদেব জনকল্যাণ স্কুল পাড়া) গ্রামের মৃত ইদু মন্ডলের মেয়ে এবং মোহাম্মাদ আলী ওরফে স্বপনের স্ত্রী। বর্তমানে তিনি একই এলাকার চক মুক্তার (দোয়ালের মোড়) এলাকায় বসবাস করতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।


​পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল জানতে পারে যে, কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের গেট থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে পাকা রাস্তার ওপর মাদক বেচাকেনা চলছে। সংবাদটি যাচাইয়ের পর বিকেল ৪টা ৫০ মিনিটে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সেখানে ঝটিকা অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিতা বেগমকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০ বোতল নেশাজাতীয় এসকফ উদ্ধার করা হয়।


​অভিযানের বিষয়ে নিউজবিডি২৪লাইভকে নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​রংপুর মেট্রোপলিটন পুলিশ আরও জানায়, নগরীকে মাদকমুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে তারা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *