এম রাসেল শাকিল ,বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার:
মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিমান বাহিনীর ইউনিফর্ম এবং ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সোমবার রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল মোকামবাজারের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলীর বসতবাড়িতে তল্লাশি চালায়। এসময় তার ঘর থেকে বিভিন্ন ধরণের দেশীয় ধারালো মারণাস্ত্র, অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য রাখা বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিফর্ম, ১৮টি বিভিন্ন মডেলের অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং একাধিক অবৈধ ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত সকল অস্ত্র ও সরঞ্জামাদি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার ও মজুদ প্রতিরোধে জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

