রাহি ইসলাম, সহকারী জেলা প্রতিনিধি (মৌলভীবাজার)মৌলভীবাজার শহরে অবৈধ দোকান উচ্ছেদ ও ব্যবসায়িক অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি অবৈধ দোকান উচ্ছেদ ও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করেন সেনাবাহিনীর সার্জেন্ট আরিফ (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, এবং মৌলভীবাজার পুলিশ লাইনের উপপরিদর্শক (এসআই) মো. কলিম।অভিযান পরিচালিত হয় শহরের শমসেরনগর রোড, টিসি মার্কেট, পশ্চিম বাজার, চাঁদনীঘাট বাজার ও কুসুমবাগ পয়েন্টে। এসব এলাকায় রাস্তার পাশে ফুটপাত দখল, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদহীন পণ্য বিক্রি এবং দোকানের পণ্য রাস্তায় রাখার অভিযোগে মোট ১৭টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হয়। এর মধ্যে মুজাহিদ স্টোরকে ৫ হাজার টাকা, নয়ন ক্রোকারিজকে দেড় হাজার টাকা এবং বেঙ্গল ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী বলেন,“শহরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের চলাচলের পথ মুক্ত রাখাই আমাদের মূল লক্ষ্য।”অভিযানের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো আংশিক দখলমুক্ত করা হয়। জেলা প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে সন্তোষের প্রতিক্রিয়া দেখা গেছে।

