মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি১৯৭১ সালের আজকের এই দিনে ১১ই ডিসেম্বর ভোরে পাক হানাদার বাহিনী সরকারি হরগঙ্গা কলেজে তাদের ঘাঁটি থেকে লেজ গুটিয়ে মুন্সীগঞ্জ শহর ত্যাগ করতে বাধ্য হয়। টানা ৯ মাসের দুঃসহ দখলদারিত্ব, নিপীড়ন ও অমানবিক নির্যাতনের পর মুক্ত হয় মুন্সীগঞ্জ।হানাদার বাহিনী পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শহরে ফিরে আসে স্বস্তি, উল্লাস ও বিজয়ের মত্ততা।
স্বাধীনতার পতাকা উড়ে উঠে মুন্সীগঞ্জের আকাশে বিজয়ের কেতন ছড়িয়ে দেয় নতুন দিনের আশার আলো। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের বিজয় মিছিল শহরের প্রতিটি রাস্তা, মোড় ও অলি-গলিকে মুখরিত করে তোলে।এ যেন মুক্ত মাতৃভূমির প্রথম নিঃশ্বাস,এক অবর্ণনীয় স্পন্দন।
১১ ডিসেম্বর তাই মুন্সীগঞ্জবাসীর কাছে এক গৌরবের দিন।এই দিনে স্মরণ করা হয় সেই মহান মুক্তিযোদ্ধাদের, যাদের সাহস ও আত্মত্যাগে মুন্সীগঞ্জ পাক হানাদারমুক্ত হয় এবং স্বাধীনতার শোভাযাত্রায় যুক্ত হয় নতুন অধ্যায়।

