মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জে প্রায় তিন দশক আগে সংঘটিত স্কুলছাত্র সুমন রহমান হত্যা মামলার বিচার ও ন্যায়বিচার পাওয়ার দাবিতে আবারও সামনে এসেছেন নিহতের মা বাছিরুন নেছা। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি এখনও কাঙ্ক্ষিত বিচার পাননি।ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালের ২৪ মে মুন্সীগঞ্জ পৌরসভার চরাঞ্চল থেকে স্কুলছাত্র সুমন রহমানকে বাসা থেকে ডেকে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। তিন দিন পর ২৭ মে বজ্রযোগিনী এলাকার ভাঙা পুলের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে সময় সুমন স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে দাবি পরিবারের।নিহতের মা বাছিরুন নেছা, যিনি মুন্সীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বিএনপি মহিলা দলের নেত্রী, বলেন তার ছেলে রাজনৈতিক কারণেই হত্যার শিকার হয়েছে।
তিনি অভিযোগ করেন, ঘটনার সময় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।এ ঘটনায় দায়ের করা মামলা (নং- ১১(৫)৯৭, ধারা ৩০২/২০১) দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবু হানিফ ৮ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন।সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন বশির উদ্দীন, সুমন, আব্দুল জলিল, আব্দুল হান্নান, রুহুল আমিন, ট্যাক লিটনসহ আরও কয়েকজন। তবে নিহতের পরিবারের অভিযোগ, রায় ঘোষণার পরও পুরোপুরি বিচার বাস্তবায়ন হয়নি।
বাছিরুন নেছা বলেন, “দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও আমি আমার সন্তানের হত্যার ন্যায়বিচার পাইনি। আমি এখনো বিচার চাই।” তিনি দ্রুত রায় কার্যকরসহ পূর্ণ বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

