মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শহরের পিটিআই ইনস্টিটিউশনের পরীক্ষণ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক রোমান মিয়াকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাওয়ায় পরে সেনা মোতায়েন করা হয়।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর শিক্ষক রোমান মিয়া ওই ছাত্রীকে বাথরুমে ডেকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। বাড়ি ফিরে শিশুটি ঘটনাটি মাকে জানালে রবিবার স্কুল খোলার সঙ্গে সঙ্গে অভিভাবক ও স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলে।
ক্ষোভ গিয়ে পড়েন সুপারিনটেনডেন্টের ওপরও।অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নড়বড়ে।উত্তর ইসলামপুরের অভিভাবক শিমু বেগম বলেন, “শিক্ষকরাই যদি এমন অপরাধ করেন, তাহলে আমরা সন্তানদের কোথায় পাঠাব?
”উত্তেজনা কমাতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, “অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করা হচ্ছে।”অভিভাবক ও স্থানীয়দের দাবি—অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে হবে।

