মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল বলেন, “আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপি’র দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”এর আগে শুক্রবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।জানা যায়, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল।
তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশে থেকেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর সন্ধ্যার পর আবার দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার করা হয়।এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে মির্জা আব্বাসের খোঁজখবর নেন।
এ সময় মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি প্রয়োজনে সিঙ্গাপুরে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন।উল্লেখ্য, গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

