সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মায়ের প্রয়াণে শোক ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং দেশবাসীসহ দেশে–বিদেশে থাকা শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে তারেক রহমান জানান, তিনি তার প্রিয় মা, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। তিনি লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় তিনি এই বিদায় সম্পন্ন করেছেন।মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশের মতো নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, এই কঠিন সময়ে দেশের মানুষের উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি। তিনি বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত।তিনি আরও উল্লেখ করেন, লক্ষ-লক্ষ মানুষের সম্মান, ভালোবাসা ও সহমর্মিতা তাকে স্মরণ করিয়ে দিয়েছে—বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, অনেকের কাছে তিনি ছিলেন ‘জাতির মা’র মতো একজন ব্যক্তিত্ব।

স্ট্যাটাসে আন্তর্জাতিক মহলের সহমর্মিতার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ আনুষ্ঠানিকভাবে সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।শোকবার্তায় পরিবারের সদস্যদের কথাও স্মরণ করেন তিনি। তারেক রহমান লেখেন, তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সবশেষে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তিনি সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

তিনি অঙ্গীকার করেন, তার মায়ের আদর্শ ও রেখে যাওয়া দায়িত্ব ও উত্তরাধিকার তিনি একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে বহন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।স্ট্যাটাসের শেষাংশে তিনি তার মায়ের রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *