হৃদয় হাসানমাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি | newsbd24liveজামালপুরের মাদারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে তিনটি বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আব্দুল আজিজ নামের এক ব্যক্তি এ ঘটনায় মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন রাতে ইসলামি জলসায় অংশ নিতে বাইরে ছিলেন আব্দুল আজিজ (৬০)। এ সুযোগে পার্শ্ববর্তী কাতলামারী গ্রামের এবাদুল হক কেরু, বদিউজ্জামান চেনা মণ্ডল, মেরু মণ্ডলসহ ১০–১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তাণ্ডব চালায়।অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আব্দুল আজিজের ছেলে স্বপন মিয়ার ক্লিনিক ব্যবসার জন্য রাখা ৫ লাখ টাকা, জমি ক্রয়ের ৬ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপসহ মোট প্রায় ২১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা লোকজনকেও বেধড়ক মারধর করা হয়।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, “পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমাদের প্রাণনাশের হুমকিও দিয়েছে তারা।”এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে হামলাকারীরা এলাকা ত্যাগ করেছে, তবে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”ঘটনাটিকে কেন্দ্র করে পুরো পশ্চিম নিশ্চিন্তপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

