নিজস্ব প্রতিনিধি, নরসিংদী:নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবে গত শুক্রবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে এবং বিদ্যমান কার্যনির্বাহী কমিটি সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।শুক্রবার ৭ নভেম্বর, সকাল ১০টায় উপজেলা চত্বরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে ক্লাবের সুনাম ক্ষুণ্ণকারী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সভাপতিকে বহিষ্কার এবং পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করার প্রস্তাব গৃহীত করেন।সভায় জানানো হয়, নতুন কার্যনির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত কেউ মনোহরদী প্রেসক্লাবের নাম বা পদবী ব্যবহার করতে পারবেন না। সভায় উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন বাদল, তাজুল ইসলাম বাদল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।এ সিদ্ধান্তের মাধ্যমে মনোহরদী প্রেসক্লাবে নতুন কমিটি গঠনের পথ সুগম হলো। পরবর্তীতে সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

