সর্বশেষ
এপ্রিল ৮, ২০২৬

বিসিবিতে তামিম যুগের শুরু ক্রিকেট বোর্ডে বিশাল রদবদল

Spread the love

ডেক্স রিপোর্ট
​দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের ঢেউ লেগেছে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবালকে এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
​আজ বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান। গত বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি তাদের তদন্তে তিনটি ক্যাটাগরির নির্বাচনেই বড় ধরনের অনিয়ম খুঁজে পেয়েছে।
​২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালার ২১ ধারা অনুযায়ী এই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, এনএসসি তাদের অধীনস্থ কোনো ক্রীড়া সংস্থায় স্বচ্ছতা রক্ষা বা অনিয়ম রোধে যেকোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখে।


​সংবাদ সম্মেলনে জানানো হয়, তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটির মেয়াদ হবে তিন মাস। এই সময়ের মধ্যেই তারা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তবে কমিটির সদস্যরা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এনএসসি থেকে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
​সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে দিয়ে আমিনুল এহসান বলেন, পুরো প্রক্রিয়াটি আইসিসিকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে এবং এটি আইন মেনেই করা হয়েছে।


​নবগঠিত এই ১১ সদস্যের কমিটিতে তামিম ইকবাল ছাড়াও অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আছেন মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। এছাড়া কমিটিতে স্থান পেয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। নবগঠিত এই কমিটি দেশের ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করবে বলে ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *