সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬
Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

মহান বিজয় দিবস মঙ্গলবার। জাতির গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে সম্পূর্ণ প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের আগমনকে ঘিরে স্মৃতিসৌধ চত্বরকে সাজানো হয়েছে নিখুঁত প্রস্তুতিতে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের ৮৪ একর বিস্তৃত এলাকাজুড়ে সম্পন্ন হয়েছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। প্রধান ফটক থেকে শহীদ বেদী পর্যন্ত সারি সারি বাহারি ফুলের বাগান নান্দনিক সাজে সজ্জিত। পায়ে হাঁটার পথের লাল ইটের হেরিংবোন নকশায় সাদা রঙের আঁচড় স্মৃতিসৌধ চত্বরে এনেছে শুভ্র ও মনোমুগ্ধকর দৃশ্য।গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু জানান, স্মৃতিসৌধের বিভিন্ন স্তরে নতুন করে রঙ করা, চারা রোপণ, সিসি ক্যামেরা স্থাপনসহ সব আনুষঙ্গিক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ এলাকায়। এদিন দায়িত্ব পালন করবেন চার হাজারের বেশি পুলিশ সদস্য।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, বিজয় দিবসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি আমাদের রয়েছে।গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্যমতে, স্থপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় ১৯৭৮ সালে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৮৮ সালে এর কাজ সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *