সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

বিজয়নগরে গুলিবর্ষণ: ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃরাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার দুপুরে সংঘটিত এই হামলার সঙ্গে জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, “আমরা ডিটেকশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।” এর আগে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে কাজ করছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করে।পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ও সম্ভাব্য আশ্রয়স্থলে অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অন্যান্য চাঞ্চল্যকর ঘটনার মতো এই ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার সঙ্গেও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ডিএমপি।একই সঙ্গে এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে, হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ জানাতে অনুরোধ করেছে পুলিশ। সুষ্ঠু নির্বাচন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে বলেও জানানো হয়।উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি আহতের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *