সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

বাঘাইছড়িতে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ, পদযাত্রা ও আলোচনা সভা

Spread the love

নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং রাঙামাটি আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক–এর প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণা জোরদার করতে বাঘাইছড়িতে লিফলেট বিতরণ, পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কাঁচালং বাজার কেন্দ্রিক বুধবার (২৬ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন বিকাল ৪টার দিকে কাঁচালং প্রধান বাজার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা সমবেত হন। সমাবেশস্থলে উপস্থিত কর্মীদের স্লোগান, ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকে সাজানো পরিবেশে পুরো বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়ে পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন সড়ক, গ্রামের পাড়া–মহল্লা এবং বসতবাড়িতে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট ও প্রচারণা সামগ্রী তুলে দেওয়া হয়। লিফলেটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা, বিএনপির জাতীয় ইশতেহারের অঙ্গীকারসমূহ এবং প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের বার্তা তুলে ধরা হয়।

পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, জনগণের কাছে দলের মূলনীতি, প্রতিশ্রুতি ও পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বাড়াতে আরও এমন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা জানান।পদযাত্রা শেষে পুনরায় কাঁচালং বাজারে ফিরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা।সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ–সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ কৃষি–বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম।এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ব্যাপকভাবে উপস্থিত থেকে পুরো কর্মসূচিকে সফল করে তোলেন।বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘবে বিএনপির অঙ্গীকার জনগণের মাঝে তুলে ধরা জরুরি। আগামীতেও শান্তিপূর্ণ ও গণমুখী প্রচারণার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *